পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে চমক নতুন মুখ হাসান মাহমুদ। আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগাররা।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
পারিবারিক কারণে সফর থেকে আগেই নাম প্রত্যাহার করেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। আইসিসির নিষেধাজ্ঞা থাকায় ঘোষিত দলে নেই অলরা্সউন্ডার সাকিব।
থমবারের মতো সুযোগ পেয়েছেন এবার বিপিএল মাতানো হাসান মাহমুদ। তিনি ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। লক্ষ্মীপুরের এ পেসার উঠে এসেছেন বয়সভিত্তিক ক্রিকেট খেলে।
আগের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনি। ফিরেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মেহেদী হাসান। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা মেহেদীর লাল সবুজ জার্সি গায়ে আগেই অভিষেক হয়েছে। প্রায় দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি–টোয়েন্টি খেলেছেন তিনি।
উল্লেখ্য, আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে। তিন ধাপে পাক সফরে যেতে রাজি হয়েছে বিসিবি। প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ২৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
দ্বিতীয় ধাপের সফরে হবে একটি টেস্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাঁচ দিনের ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর নামবে দ্বিতীয় টেস্টে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মাদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























