গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি বলেন, আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।

জেলা পুলিশ সুপার শামসুন্নাহারে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের সূচনালগ্নে গাজীপুর জেলা পুলিশের সার্বিক কর্মকান্ডের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিবৃন্দদের নিয়ে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, গাজীপুরে ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্য নৌকার আদলে তৈরি করা হয়েছে। এর মাঝখানের মূল বেদীতে সবার ওপরে ব্রোঞ্জের তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিচের দু’সারিতে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















