প্যারিসে নেমেই পিএসজির সঙ্গে চুক্তি সেরে ফেললেন লিওনেল মেসি। এর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মেসির নতুন পথচলা…
মেসির দলবদল করে প্যারিসে যাত্রা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু যুক্তির খুঁটিনাটি এই খবর পাকা হতে দিচ্ছিল না। বেতন, চুক্তি স্বাক্ষরের সময় বোনাস কত পাবেন এবং কয় বছরের চুক্তি হবে—এসব নিয়ে দুই পক্ষ সম্মত হতেই যা সময় লাগছিল। এ ব্যাপারে এখন একমত হয়েছে দুই পক্ষ। এ ব্যাপারে দলবদল নিয়ে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, মেসিকে ৩০ নম্বর জার্সি পরার প্রস্তাব দিয়েছে পিএসজি। যে নম্বর পরে বার্সেলোনায় মেসি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ৩০ নম্বর জার্সি পরেই বার্সার হয়ে খেলতেন মেসি, তখন ১০ নম্বর জার্সি পরে ক্যাম্প ন্যু মাতাতেন ব্রাজিল তারকা রোনালদিনিও। যে জার্সি পরে বার্সার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই একই নম্বরে পিএসজির ক্যারিয়ারও শুরু হোক, এটাই পিএসজি চাইছে বলে জানিয়েছে মার্কা।














