স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, হাওরাঞ্চলের মানুষের প্রতি সরকার খুবই আন্তরিক। এরই মধ্যে হাওরের জন্য একটি উড়াল সেতু প্রকল্প পাস হয়েছে।
আরও প্রকল্প বিবেচনাধীন আছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর নবগঠিত উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে গণ সংবধনা ও গণ সমাবেশ অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছেন। এ জন্য একাধিক উড়াল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বর্তমানে হাওরে অনেক প্রকল্প চলমান আছে। এছাড়া হাওরাঞ্চল, চরাঞ্চল এলাকায় যৌক্তিকভাবে প্রকল্প নেওয়া হয়েছে, কাজও চলমান আছে। পর্যায়ক্রমে সব কাজ বাস্তাবায়ন হবে।
মন্ত্রী বলেন, অবহেলিত হাওরবাসীকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহর করতে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। হাওরাঞ্চলের কোনো এলাকা আর অবহেলিত থাকবে না।
এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রমূখ, উপস্থিত ছিলেন।



















