আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় বিশকাপের হতাশাজনক খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে বলেন, খেলা দেখে আপনারা এতো হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে।
এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট খেলেছন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। কথায় কথায় এতো হতাশ হওয়া ঠিক না। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল। মাঝে মধ্যে ধৈর্য ধরে থাকেন। আগামীতে আরও ভালো করবে তারা।
তিনি বলেন, ‘হ্যাঁ, ফলাফল যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। তবে এজন্য আমি আমাদের ছেলে-পেলেদের নিয়ে কখনো হতাশা প্রকাশ করি না। আমি বলি আরও ভালো খেল। আরও প্র্যাকটিস করো।’
‘একে তো করোনার জন্য তারা ঠিকমতো প্র্যাকটিস করতে পারেনি, এর মধ্যে যে বিশ্বকাপে খেলেছে, কয়েকটি দেশকে হারাতে পেরেছে এটাই বড়। আমি চাচ্ছি তাদের আরও বেশি জয়ী করানো যায়।’
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর করেন। সফরকালে তিনি কপ-২৬ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দফতরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।
প্রায় দুই সপ্তাহের সফর শেষে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফর নিয়েই আজকের এ সংবাদ সম্মেলন।



















