ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে নিরাপদে স্থলভাগে নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তাঁরা নিরাপদে আছেন। জাহাজ ছেড়ে দূতাবাসের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। ’
ইউক্রেনের অলিভিয়া বন্দরের কাছে জলসীমায় বাংলার সমৃদ্ধি জাহাজে গত বুধবার রাতে হামলা হয়।
এতে নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এরপর ভিডিও বার্তায় জাহাজে থাকা বাংলাদেশি নাবিকরা তাঁদের উদ্ধারে সরকারের প্রতি আকুতি জানাচ্ছিলেন। গতকাল জাহাজ থেকে উদ্ধারের পর তাঁদের টাগবোটে করে নিরাপদে উপকূলে নেওয়া হয়। বাংলাদেশ সময় রাত ঠিক ৮টায় তাঁদের বহনকারী টাগবোটটি ইউক্রেনের অলিভিয়া বন্দর জেটিতে পৌঁছে। জেটিতে নির্মিত একটি বাংকারে তাঁদের রাখা হয়েছে বলে জানা গেছে।
মিসর সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল সন্ধ্যায় ভিডিও বার্তায় বলেন, ‘পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা আমাদের জানিয়েছেন, কিছুক্ষণ আগে জাহাজের ২৮ আরোহীকে নিরাপদ হেফাজতে, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তাঁরা তাঁদের সহকর্মী প্রয়াত হাদিসুর রহমানের মরদেহও সঙ্গে নিয়েছেন। আমরা খুব দ্রুত তাঁদের ওয়ারশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সবাইকে আমরা মরদেহসহ বাংলাদেশে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করব। পোল্যান্ডে অবস্থানকালে নিহতের জানাজাও হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















