হতাশ করেছিলেন ব্যাটাররা। এনে দিতে পারেননি লড়াই করার মতো সংগ্রহ। তবু ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল সাঁড়াশি বোলিং-ফিল্ডিং। কিন্তু হলো না সেটিও। বোলাররা তাও খানিক চেষ্টা করেছেন। কিন্তু হতশ্রী ফিল্ডিংয়ে বৃথা গেছে সব।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং-ফিল্ডিংয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের করা ১১৫ রানের সংগ্রহ মাত্র ২ উইকেট হারিয়ে ১৪ বল আগেই টপকে গেছে আফগানিস্তান।
রান তাড়ায় নেমে আফগানিস্তান প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট হারাতে পারত। প্রথম ওভারে নাসুম বোলিংয়ে। তৃতীয় বলে নিজের বলে নিজেই ক্যাচ হাতছাড়া করেছেন তিনি! হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটের ওপরের দিকে লেগে বল ওপরে উঠে যায়, অনেক সময় পেয়েছিলেন নাসুম। কিন্তু বলটা তাঁর হাতছাড়া হয়ে গেল! শেখ মেহেদির করা ১২তম ওভারে আফিফ হোসেন ও ১৪তম ওভারে নাইম শেখ ছেড়ে দেন উসমান গনির ক্যাচ।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫ ছয়ের মারে ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন শূন্য রানে জীবন পাওয়া জাজাই। দলের জয় প্রায় নিশ্চিত করে দিয়ে ৪৮ বলে ৪৭ রানে থেমেছেন গনি। এর আগে তিনটি করে উইকেট নেন দুই তরুণ পেসার ফজল হক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই।
এই জয়ের সুবাদে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি ভাগাভাগি করলো আফগানিস্তান।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















