আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ (শুক্রবার) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় দেখা যায়নি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে ঈদের অগ্রিম টিকিট।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২৬ এপ্রিল থেকে ১ মের টিকিট পাওয়া যাচ্ছে। পাশাপাশি সব পরিবহনের টিকিট অনলাইনেও পাওয়া যাচ্ছে। তবে অন্যবারের মতো এবার কাউন্টারগুলোতে ভিড় নেই।
রাজধানীর কল্যাণপুরে হানিফ বাস কাউন্টারের আলাদা এক দিকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্বরত কামাল হোসেন বলেন, সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। তবে প্রথম দিনে খুব একটা ভিড় নেই কাউন্টারে। যারা আসছেন তারা সাচ্ছন্দে টিকিট সংগ্রহ করতে পারছেন।
উত্তরবঙ্গগামী শ্যামলী এন আর ট্রাভেলের কল্যাণপুর কাউন্টারের সামনে ঈদের অগ্রিম টিকিট বিক্রির একটি বিশাল ব্যানার টানানো হয়েছে। সেখানে লেখা আছে, ঈদের অগ্রিম টিকিট ১৫ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত প্রদান করা হবে।
পাশেই দেশ ট্রাভেলস কাউন্টারে থেকে জানানো হলো, তাদের অগ্রিম টিকিট অনলাইন থেকেই বেশি বিক্রি হচ্ছে। কাউন্টারে অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের তেমন চাপ নেই।
আগাম টিকিট বিক্রির প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছিলেন, অ্যাসোসিয়েশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ২ মের টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি হচ্ছে। পরিবহন কোম্পানিগুলো বিভিন্ন কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি করবে।
এদিকে ঈদের সম্ভাব্য তারিখ ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। সেখানে ২৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে ২৩ এপ্রিল। এভাবে ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















