জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বলেছেন,’ পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভার মঞ্চ পদ্মাসেতুর আদলেই নির্মিত হচ্ছে। আসলে অনুষ্ঠানের সব কিছুতেই থাকছে পদ্মা, পদ্মাসেতু।’ বৃহস্পতিবার(১৬ জুন) দুপুরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট পরিদর্শন শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এ কথা বলেন। এসময় এলজিইডি মন্ত্রী মো. তাজুল ইসলামও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ জনসভাস্থলের সর্বশেষ অগ্রগতি ছাড়াও আগত মানুষের স্যানিটেশন,পানীয় ব্যবস্থা, সড়ক ব্যবস্থাপনার অগ্রগতির খোঁজ-খবর নেন।
এসময় চিফ হুইপ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জনসভাস্থলের মঞ্চ পদ্মাসেতুর আদলে হচ্ছে বলে জানান।
চিফ হুইপ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা শিবচরের মাটিতে হওয়ায় আমরা সৌভাগ্যবান এবং তাকে আমরা ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি স্থান যে, একদিকে নদী, একদিকে পাকা রাস্তা এবং পাকা জায়গা আছে যেখানে বৃষ্টির জন্যও জনসভার কোন সমস্যা হবে না। আমাদের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রীরা, কর্মকর্তারা এখানে পরিদর্শনে আসছেন। আশা করি কোন ধরনের কোন সমস্যা হবে না।’
তিনি আরও বলেন,’ তাছাড়া নিরাপত্তাতো অবশ্যই আছে। বৃহত্তর বরিশালসহ বিভিন্ন চরাঞ্চল থেকে অনেক মানুষ লঞ্চে আসবে। লঞ্চে যারা আসবে তাদের খুব বেশি হলে ১শত গজ হাঁটতে হবে জনসভাস্থলে আসতে। উদ্বোধনের পরে এই মঞ্চেই আমরা ৭ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। আরো কিছু চমক থাকবে। আমরা মনে করি যারা পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখবে না তারা অনেক কিছু মিস করবে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















