সরকারি অফিসে অপ্রয়োজনীয় এসি বন্ধ করাসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপচয় রোধ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ক্যাব যুব গ্রুপ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুক্রবার (২৯ জুলাই) মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয় ও অপচয় বন্ধে ১১ দফা সুপারিশ উপস্থাপন করেন। এরমধ্যে ইজিবাইক, টমটম ও বিদ্যুৎ চালিত যানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা, এসব যানে চার্জ দেওয়ার জন্য বাণিজ্যিক হারে সংযোগ দিতে হবে। সরকারি অফিসে অপ্রয়োজনীয় এসি বন্ধ করা, বিল্ডিং কোড যথাযথ বাস্তবায়ন করা, প্রতিটি অ্যাপার্টমেন্টে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা, বাড়ি তৈরির সময় আলো-বাতাসের জন্য পর্যাপ্ত জায়গা রাখা নিশ্চিত করা, পরিবেশসম্মত নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ জোরদার করা, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে জৈব শক্তিভিত্তিক (বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল) বিদ্যুৎকেন্দ্র স্থাপন জোরদার করতে হবে।
এছাড়া প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, অফিস আদালতে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে ব্যবস্থা গ্রহণ করা, জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ে আগ্রহী করতে সরকারি উদ্যোগে প্রচারণা কর্মসূচি গ্রহণ করা, লোডশেডিংয়ের সমন্বয় জোরদার করা, পূর্ব ঘোষণা দিয়ে লোডশেডিং দেওয়ার ব্যবস্থা করা; লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহার বাড়ছে, যা জ্বালানি খাতে অস্থিরতা বাড়াচ্ছে এবং গ্রাহকের খরচ বাড়ছে। আইপিএস, চার্জারফ্যান, বাতির ব্যবহার বাড়ছে, এতে এক শ্রেণির ব্যবসায়ী এ জাতীয় পণ্যের বাজার দাম বাড়াচ্ছেন- এসবের যথাযথ নজরদারি নিশ্চিত করতে হবে। ফুটপাত, পাহাড় ও নিম্নআয়ের জনঅধ্যুষিত এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, বিয়ে বাড়ি, কমিউনিটি সেন্টারগুলোতে আলোকসজ্জা নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে অতিথি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবরী, বিশিষ্ট পরিবেশবিদ মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু।
ক্যাব ডিপিও জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্যাব মহানগরের সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, ক্যাব চান্দাগাঁও থানা সভাপতি মো. জানে আলম, ক্যাব ৭ নম্বর ওয়ার্ডের আবদুল আওয়াল, ক্যাব লালাখান বাজারের ঝর্না বড়ুয়া, হিন্দু পরিষদ চট্টগ্রাম মহানগরের রনজিত কমার দাস, ক্যাব চান্দগাঁও থানার সহ-সভাপতি আবু ইউনুস, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নিলয় বর্মন, সহ-সভাপতি সাকিলুর রহমান, সহ-অর্থ সম্পাদক ওমর ফারুক, মহিলা সম্পাদক সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক সিতারা শামীম প্রমুখ।
এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি খাতে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশও আক্রান্ত। সেকারণে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলে সাশ্রয়ী হতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মীসহ সবাই এ সমস্যায় জর্জরিত। বৈশ্বিক এ সমস্যা মোকাবিলায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাকে সম্মিলিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করতে হবে।




















