আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে।’আজ শুক্রবার বিকেলে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
ফজলুল করিম সেলিম বলেন, ‘তোমরা যদি এক থাকো, তাহলে ওরা (বিএনপি) ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালেও কিছুই করতে পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপি হুমকি দেয় ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটবে। আওয়ামী লীগ নাকি পালিয়ে যাবে। খালেদা হবেন প্রধানমন্ত্রী, তারেক দেশে আসবে। এরা পাগল। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না। পালানো দল হলো বিএনপি। এরা পালিয়ে পাকিস্তানে যাবে।’
ফজলুল করিম সেলিম বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এরা পাকিস্তানের এজেন্ট। এরা গণতন্ত্রকে হত্যা করেছে। এরাই এখন গণতন্ত্রের কথা বলছে। কীসের গণতন্ত্র? মানুষ মারার গণতন্ত্র, আগুন সন্ত্রাসের গণতন্ত্র।’
এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার উপস্থিতির আনন্দে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে মহাসমাবেশস্থল। এ সময় প্রধানমন্ত্রীকে দেখতে ও শ্রদ্ধা জানাতে মঞ্চসহ মহাসমাবেশে আসা নেতাকর্মী ও যুবকরা উঠে দাঁড়ান।
আজ ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এ দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুবসংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বিজনেস বাংলাদেশ / বিএইচ




















