একমাত্র টেস্টে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিলেও ওয়ানডে সিরিজে বড় বিপদের সম্মুখীন বাংলাদেশ দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও চাপে রয়েছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। সেই টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
স্কোরবোর্ডে ৮০ রান ওঠার আগেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা। সাজঘরে ফিরে গেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ১৫ বলে ১৩ রান করতে পেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, আর শান্ত করেছেন ১ রান। নাঈম শেখ বোল্ড হয়েছেন ২১ বলে ৯ রান করে।
সাকিবের ব্যাট থেকে ২৫, হৃদয় করেছেন ১৬। প্রথম বলেই আউট হয়েছেন আফিফ হোসেন।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২০ ওভারে ৬ উইকেটে ৭৭ রান। মুশফিকুর রহীম ৯ বলে ৬ ও মেহেদী হাসান মিরাজ ৬ বলে ৩ রানে ব্যাট করছেন।
ফজল হক ফারুকী ও রশিদ খান দুটি করে উইকেট নিয়েছেন। মুজিব-উর-রহমান জাদরান ও মোহাম্মদ নবীর শিকার একটি করে উইকেট।






















