পাবনায় বেপরোয়া গতির করিমনের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে শাহিনুর রহমান লিটন (৪৩)। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, কাজ শেষ করে সন্ধ্যায় মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন লিটন। সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেলটি আমিনপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বেপরোয়া গতির করিমন গাড়ীর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন লিটন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে কলেজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু বলেন, তিনি এই কলেজের একজন আদর্শ শিক্ষক ছিলেন। সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির একটি করিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/একে






















