ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও যুগোপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল লতিফ।
বুধবার তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন এই প্রার্থী এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আগামী ৯ মার্চ ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে হবে। নির্বাচনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। যদিও এটি উপ-নির্বাচন, তবুও এ নির্বাচনের গুরুত্ব অনেক। নির্বাচনকে সামনে রেখে আমি ভোটারদের কাছে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি। আব্দুল লতিফ বলেন, ২২১/২২২ উত্তর শাহজাহানপুরের স্থায়ী বাসিন্দা হিসেবে আমি প্রায় চার যুগ ধরে অত্র এলাকায় বসবাস করছি। ইতোপূর্বে আমি ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের পূর্বে আমি সাবেক ৩৪ বর্তমান ১১নং ওয়ার্ডের নাগরিক জীবনে সীমাবদ্ধতা, সুবিধা-অসুবিধা ও সমস্যাসমূহ অবলোকন করেছি। যা দীর্ঘদিন থেকে আমাকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার জন্য তাগিদ দিয়েছে। তিনি বলেন, রাজনীতির বাইরে আমি দীর্ঘদিন শাহজাহানপুর আমতলা জামে মসজিদ ও মাজহারুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছি। নির্বাচিত হলে ১১ নম্বর ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, এই ওয়ার্ডে সন্ত্রাস ও মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা। নির্বাচিত হলে এগুলো নির্মূল করতে আপ্রাণ চেষ্টা করবো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কাউন্সিলর পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আব্দুল লতিফ ছাড়াও আরও ১০ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















