পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে ১৫ টি কঙ্কালের হদিস মিলছে না। স্থানীয়দের ধারণা, কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভীড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রæত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।
আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।
বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর-অর-রশীদ বলেন, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। বুধবার সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে এই ঘটনা জেনে পুলিশে খবর দেয়। কবরস্থানের কবরগুলোর উপরের মাটি সরানো। সেখানে কোন মরদেহ নেই। কিন্তু চুরি হয়েছে কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিভিন্ন সময়ে কঙ্কালগুলো হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।




















