পাবনার ঈশ্বরদী উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম (৩০) নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মিলনকে আটক করেছে পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রুহুল আমিন।
নিহত গৃহবধূ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নে চক সিংগিপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে।
স্বামী মিলন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শহরের বাসুনিয়া পট্টি এলাকার শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর ধরে রিনা বেগম ঈশ্বরদী ইপিজেডে রেঁনেসা কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। বছর দুয়েক আগে স্বামীর কাছ থেকে রিনা আলাদা থাকতেন। ঘটনার দিন সকাল ৭টার দিকে নিজ ভাড়া বাড়ি থেকে বের হয়ে হেঁটে নিজ কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে যাচ্ছিলেন রিনা।
এসময় স্বামী মিলনকে দেখেই তিনি উত্তেজিত হয়ে উঠেন, তখন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিলন উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো ছুঁড়ি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্ত্রী রিনা বেগমকে। এতে ঘটনাস্থলে গৃহবধূ রিনার মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্বামী মিলনকে আটক করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।





















