করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার(৫ জুন) সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের যৌথ আয়োজনে এ উপলক্ষে একটি সচেতনতা শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে, ভূগোল ও পরিবেশ বিভাগের মিলনায়তনে পরিবেশ রক্ষায় সবুজায়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার।
পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান রাহীদুল ইসলাম রাহীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবিপ্রবি উপাচার্য ড. হাফিজা খাতুন।
বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো শামসুল আলম, ইউএনডিপির পরিবেশ বিশেষজ্ঞ এম. জাকির হোসেন।
সেমিনারে বক্তারা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর বিরূপ প্রভাব রুখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে তাগিদ দেন। একই সাথে দৈনন্দিন কৃষিতে জৈব সার ব্যবহার ও প্লাস্টিক ও পলিথিনজাত পণ্যের পরিবর্তে পরিবেশ সহিষ্ণু পণ্যের ব্যবহারের উপর গুরুত্ব দেন। পাশাপাশি, বৃক্ষরোপণ ও সবুজায়নে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে পাবিপ্রবির শিক্ষক শিক্ষার্থী ও রোসাটমের কর্মকর্তারা অংশ নেন।





















