ঈদের দাওয়াত খেতে ব্যাটারী চালিত ভ্যানযোগে বাবার বাড়ী যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী (মেঃ -ব -১৩-২১৪০) বাসের ধাক্কায় মোছাঃ খাইরুন্নাহার (২৩) এবং আবু জরকি ফারি নামে তার ৬মাস বয়সী এক ছেলে নিহত হয়েছে।
এ ঘটনায় স্বামী মোঃ মাহাবুব (৩০), মেয়ে মোছাঃ আছিম (৫), মোঃ মাহাবুবের ছোট বোন মোছাঃ সাদিয়া (১৫) এবং ভ্যান চালক মোঃ সাকিব (২৪) সহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাতোর ইউনিয়নের পঞ্চগড়-রংপুর সড়কের দলুয়া পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনার ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ভ্যানে তিনজন যাত্রী ছিলেন, তারা স্বামী-স্ত্রী ও তাদের ৬ মাসের শিশু সন্তান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা খাইরুন আক্তার ও তার শিশু সন্তান আবু জরকি ফারি কে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মাহাবুব ইসলাম ও ভ্যানচালক আহত হয়েছেন, জানান ওসি।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক ও ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















