বৈষম্যববরোধী ছাত্র আন্দলোনে কুমিল্লায় ছাত্রদের মিছিলে গুলি ও হামলা করার নির্দেশ দেওয়ায় আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহার সূচনাসহ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আরেকটি মামলা দায়ের করা হয়।
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ ৩৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় বাহার ও সূচনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি ও হামলা চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাতে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে মো. ছোটন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, মামলায় ২২৫ জনের নাম উল্লেখকরে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের বেশিরভাগই আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।
প্রসঙ্গত গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণের জন্য নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র-জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিল। এ সময় সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে সাবেক কুসিক মেয়র তাহসীন বাহার সূচনার নির্দেশে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র ছাত্রীদের উপর হামলা ও গুলি চালায়। এ সময় গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয়।
বাহার-সূচনা ছাড়াও মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু, কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদী, সরকার মাহমুদ জাবেদ, আবদুস ছাত্তার, সৈয়দ রায়হান আহাম্মদ, আবুল হাসান, কাউছারা বেগম সুমী, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাসান রাজু রাফি, আমড়াতলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনসহ ২২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, সরকার পতনের পর তারা কেউই নিজ এলাকায় নেই, সকলে পলাতক অবস্থায় রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
এর আগে, গত রোববার রাতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক কুসিক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৪০০ জনের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাছুম মিয়া নামের এক হোটেল কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়।
বিজনেস বাংলাদেশ/ডিএস























