অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নিজ উপজেলা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ। তার আগমনকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজকরা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, এ বিজয় স্বাধীনতাকামী বিপ্লবীদের প্রতি উৎসর্গ করেছি। সংবর্ধনা দেওয়ায় জেলা প্রশাসনসহ জেলা ক্রীড়া সংস্থা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ।
তিনি আরও বলেন, বাফুফেসহ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। তিনি আমাদের সবসময় প্রেরণা দিচ্ছেন। আমরা তার কাছেও কৃতজ্ঞ।
এ সময় আশরাফুল হক আসিফকে রাস্তার হাজারও মানুষ দুই হাত নেড়ে অভিনন্দন জানান। আসিফকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, শিক্ষার্থী, যুব-বৃদ্ধ সবাই অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, ঈশ্বরগঞ্জ বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ শাহ নূরুল কবির শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস























