কক্সবাজারের চকরিয়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে চকরিয়া পৌরশহরের সবুজবাগ থেকে তাকে আটক করা হয়। আটক জাফর আলম টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, সাড়ে তিন-চার বছর আগে জাফর আলমের সঙ্গে আমার বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিলো। আমার আগের স্বামীর সংসারের মেয়েসহ চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া বসবাস করে আসছি। আমি বিভিন্ন কাজে ঘরের বাইরে গেলে আমার বর্তমান স্বামী জাফর আলম আমার আগের স্বামীর মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে।
তিনি বলেন, গত শনিবার আমি ঘরে না থাকার সুযোগে জাফর আলম আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ে আমাকে তাৎক্ষনিক জানালে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করাই। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে বলে জানান চিকিৎসক । বিষয়টি জানার পর জাফর আলম ওইদিন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সোমবার রাতে জাফরকে প্রলোভন দেখিয়ে কৌশলে বাসায় এনে পুলিশকে খবর দিই। পুলিশ এসে জাফরকে ধরে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সৎবাবা জাফর আলম আটক রয়েছেন। ভিকটিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে চিকিৎসার জন্যে। পরীক্ষার রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে অতি দ্রুত সময়ের মধ্যে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















