সাময়িক উত্তেজনার পর স্বাভাবিক হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দরের সার্বিক কার্যক্রম। গতকাল বুধবার সকালে মাছ ও অন্যান্য পণ্যবাহী ২৪ টি ট্রাক আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরে প্রবেশ করেছে। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও ছিল স্বাভাবিক। তবে, অন্যান্য সময়ের চেয়ে যাত্রী পারাপার ছিল খুবই কম। এর আগে, সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সেদেশের একটি হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায় এবং মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ করে স্থানীয়রা। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এমন অভিযোগ করে বিক্ষোভ দেখায় ভারতীয় নাগরিকরা। বাংলাদেশীদের জন্য বন্ধ করে দেয় হোটেল সেবা। উভয় দেশের সীমান্তে বৃদ্ধি করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে আখাউড়া স্থলবন্দর ও চেকপোষ্টে উত্তেজনা ছড়ায়।
আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সূত্রে জানা গেছে, বেলা ২টা পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ৬৯ জন পর্যটক ভারতে গেছে। এরমধ্যে ৪৭ জন ভারতীয় এবং বাংলাদেশী নাগরিক ২২ জন। একই সময় আগরতলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫১ জন।
অপরদিকে ১৩টি ট্রাকে করে ১২০ মেঃ টন মাছ ভারতে রপ্তানী হয়েছে। এছাড়াও তেশ, মশারি, সিমেন্ট ও অন্যান্য পন্যের ১১ ট্রাক ভারতে গেছে। আখাউড়া ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, ২/৪জন যাত্রী ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন কার্যক্রম করছেন। ইমিগ্রেশন অফিস অনেকটা ফাঁকা। দুজন বাংলাদেশী নাগরিক ভারত থেকে ফিরেছেন। শুনসান নিরবতা বিরাজ করছে বন্দর এলাকায়।
ভারত থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিক সঞ্জয় সাহা বলেন, আমি ২২ নভেম্বর ত্রিপুরায় গিয়েছিলাম। আত্মীয়ের বাড়িতে ছিলাম। আমার কোন সমস্যা হয়নি। আজ ফেরার সময় কোন অসুবিধা হয়নি। সড়কে কোন প্রতিবন্ধকতা ছিলনা।
আখাউড়া অন্তর্জাতিক ইমিগ্রেশন চোকপোস্টের পুলিশের ইনচার্জ খাইরুল আলম জানান, সকাল থেকে যাত্রী পারাপার কার্যক্রমন রয়েছে। তবে বাংলাদেশী যাত্রীর সংখ্যা কমছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, মাছ ও অন্যান্য পণ্য বোঝাই ২৪টি ট্রাক ভারতে গেছে। ভারত থেকে কোনপণ্য আমদানী হয়নি। বন্দরের পরিবেশ স্বাভাবিক আছে।
ডিএস../
























