চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প-কারখানার কাঁচামালবাহী একটি ট্যাঙ্কার ডাকাতদের কবল থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (৪ ডিসেম্বর) সকালে পৌরসভার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাঙ্কারটি উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কামাল উদ্দিন (২৭) ও জাহিদ হাসান রানা (২২)। এ ঘটনায় ট্যাঙ্কার চালক নুরুল ইসলাম বাবুল বুধবার দুপুরে আটক দুইজনসহ চার জনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। এজাহারভুক্ত অন্য আসামীরা হলেন, মোঃ তাজু (২৬) এবং মোঃ ছালেক (৩৫)। সবাই সীতাকুণ্ডের ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগরের বাসিন্দা।
জানা যায়, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ট্যানারি বটতল থেকে সাড়ে ১৩ হাজার লিটার শিল্পকারখানার কাঁচামাল নিয়ে ট্যাঙ্কারটি রাজধানীর হেমায়েতপুরের উজালা পেইন্ট ইন্ডাষ্ট্রির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শেখপাড়া এলাকা অতিক্রম করার সময় একদল ডাকাত ট্যাঙ্কারটির গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ট্যাঙ্কার থেকে শিল্পের-কাঁচামাল লুট করতে থাকে। এ সময় ডিউটিতে থাকা সীতাকুণ্ড মডেল থানার টহল পুলিশ টিমের সন্দেহ হলে তারা ডাকাতদের তাড়া করে। পরে পুলিশ দুই ডাকাতকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ছিনতাই হওয়া শিল্পের কাঁচামালবাহী ট্যাঙ্কারটি উদ্ধার করে।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের চেষ্টাকালে রংয়ের তরল কাঁচামালবাহী তেলের ট্যাঙ্কারটি উদ্ধার করেছে পুলিশ। যাতে ১৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকার কাঁচামাল রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে। আটক দুই ছিনতাইকারীকে ট্যাঙ্কার চালকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিএস.//






















