পাবনায় বালুবাহী ট্রলি গাড়ি চাপায় মাসুদ রানা (২৮) নামে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় আরেক পুলিশ সদস্য আহত রয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ট্রলির চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত পুলিশ সদস্য মাসুদ রানা জেলার সুজানগর থানার কামালপুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। আহত পুলিশ সদস্য মোস্তাফিজও একই কেন্দ্রে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পুলিশ কনস্টেবল মাসুদ রানা ও মোস্তাফিজ দাপ্তরিক কাজে পাবনা পুলিশ লাইনসে আসেন। কাজ সেরে মোটরসাইকেলে দুপুরে নিজ কর্মস্থল কামালপুর তদন্ত কেন্দ্রে যাবার পথে পাবনা সুজানগর আঞ্চলিক মহাসড়কের ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ট্রলি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এসময় পুলিশ সদস্য মোস্তাফিজ ছিটকে পড়ে আহত হলেও মাসুদ রানাকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এব্যাপারে পাবনা সদর ওসি আব্দুস সালাম জানান, পুলিশ সদস্য মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। আহত পুলিশ সদস্য মোস্তাফিজকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এঘটনায় ট্রলি চালক সহ দুজনকে আটক করা হয়েছে। আটকদের নাম এখনো জানা যায়নি।
ডিএস//






















