পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমানের বসতবাড়িতে আগুন লেগে তার বাবা আব্দুল হামিদ (৭৫) ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান। শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তিনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১২টায় ঘরে আগুন লাগে। পরে গ্রামবাসী অনেক চেষ্টা করে আগুন নেভান। তবে তার আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। উদ্ধার সম্ভব না হওয়ায় ঘুমিয়ে থাকা আব্দুল হামিদও দগ্ধ হয়ে ঘরেই মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালিব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডিএস//




















