পিলখানাসহ চাকুরীচ্যুত দেশের সকল বিডিআর সদস্যদের সকল সুবিধাসহ চাকুরীতে পুর্নবহাল, দীর্ঘ ১৬বছর ধরে জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অংশ নেন। চাকুরীচ্যুত বিডিআরের হাবিলদার জোবায়দুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধন সমাবেশ পরিচালনা করেন সিপাহি সাদেকুল ইসলাম।
বক্তব্য দেন সন্তোষ কুমার, আব্দুল আলিম, শামসুজ্জোহা, কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন ও তার মেয়ে রেবেকা রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান বক্তব্য দেন। কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন বলেন, মামলা থেকে খালাশ পেয়েও আমার স্বামী কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছে। আজো মুক্তি পাইনি। আমার স্বামীর কোন দোষ ছিলো না।
ঘটনার সময় আমার মেয়ের বয়স ছিলো ১১মাস। আজ মেয়ের বয়স ১৬বছর। মেয়ে তার বাবাকে একদিনের জন্য দেখতে পাইনি। চাকুরীচ্যুত আব্দুল আলিম বলেন, চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা করুন দিনাতিপাত করছেন। কেউ রিকসা চালান, কেউ শ্রমজীবী হিসেবে দিন কাটাচ্ছেন। আর কেউবা কিছুই করতে পারেন নি আদৌও। আমরা চাই, স্বাধীন তদন্ত কমিশনের মধ্য দিয়ে বিডিআর হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হোক এবং জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক।
বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার এই হত্যাকান্ড।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















