চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে কুত্তার মতো পেটানোর হুমকি দেন হাটহাজারীর শিকারপুর গ্রামের সোনা মিয়া সওদাগর বাড়ির মো. জামালের ছেলে মো. সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ (২৫)। তার বিরুদ্ধে তিনটি খুনসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। গত ৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফিরে আসেন পুলিশ সদস্যরা।
সিএমপি কমিশনারের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আইনের আওতায় আনার জন্য যে বা যারা তার অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে বা গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করবে তাকে বা তাদেরকে সিএমপির পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কৃত করা হবে। গ্রেপ্তারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার একদিন পরই এবার নড়েচড়ে বসেছে পুলিশ।
কোনও সন্ত্রাসের এভাবে লাইভে এসে পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি চট্টগ্রামে এই প্রথম।এ বিষয়ে সিএমপির উপ পুলিশ কমিশনার মো.রইছ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হুমকি দেওয়া এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত।বিষয়টা কী?আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং এই সংক্রান্ত আমাদের যা আইনগত কার্যক্রম সেটাও আমরা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি জিডি করেছি বায়েজিদ থানায় এবং তাকে যে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান সেটাকে আরও জোরদার করা হয়েছে।
ডিএস../




















