পাবনার সাঁথিয়া উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।
নিহতরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিলো ওই সিএনজি চালিত অটোরিকশাটি। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইটবোঝাই এক ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএস../





















