চট্টগ্রামের সীতাকুণ্ডে চুরি হওয়া অর্ধকোটি টাকার পণ্যসহ কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল রবিবার সকালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম (৩২), জহির মিস্ত্রি (৩৫), জাহিদুল আলম (৩২) ও মোঃ সেলিন (৫০) রহমত উল্লাহ (৪০)। তারা সকলেই চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর ও কুমিল্লা জেলার বাসিন্দা।
জানা যায়, চালক গাড়ীটি পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখে বাড়ীতে চলে যায়। দুই ঘণ্টা পর এসে পার্কিংয়ের স্থানে গাড়ীটি দেখতে না পেয়ে পার্কিংয়ের ম্যানেজারকে জিজ্ঞাসা করেন। অজ্ঞাতনামা এক চালক গাড়ীটি নিয়ে গেছে বলে পার্কিংয়ের ম্যানেজার জানান।
এই ঘটনায় গত ৫ ফেব্রুয়ারী কেডিএস লজিস্টিক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে রবিবার সকালে নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে পণ্যভর্তি চুরি হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করেন। পাশাপাশি চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, নগরীর ইপিজেড থেকে কেডিএস লজিস্টিকসের পণ্যভর্তি কাভার্ডভ্যান সীতাকুণ্ডের জোড়ামতল ফকিরহাটস্থ বিসমিল্লাহ পার্কিংয়ের সামনে মাল আনলোড করাতে দাঁড় করানো হয়। এই সুযোগে তারা গাড়ীটি নিয়ে চলে যায়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচজনেই চুরির সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাদের কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিএস../





















