জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গত ১৭ জানুয়ারি জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামে একটি নির্মম লোমহর্ষক বর্বরোচিত ঘটনা ঘটেছে।
পূর্ব থেকেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বাড়ির মাঝখানে একটি খড়ের গাদা নিয়ে দন্দকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পূর্ব পরিকল্পিতভাবে আতাউর রহমান বিপুলকে তার চাচাতো ভাই আসাদুজ্জামান তালুকদার আপেলসহ ১৪/১৫ জন সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলের এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় বিপুলের মা ও স্ত্রী এগিয়ে এলে তাদের কেউ কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করে। উন্নত চিকিৎসার জন্য বিপুলের মা ও স্ত্রীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিপুলের ভাই বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এমন ঘটনায় জেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সুপার আরো বলেন, এই মামলায় এখন পর্যন্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে । গত রাত ১.৩০ দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিপুর এলাকা থেকে প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। এ মামলায় তিনি ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
ডিএস../

























