সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার একটি মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই আদেশ দেন।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কোতোয়ালী থানার একটি মামলায় সাবেক সংসদ সদস্য নদভীসহ তিন আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমাণ্ডের আবেদন করা হয়েছিল।
শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।অন্য দুই আসামি হলেন শামসুল আলম ভূঁইয়া ও সেলিম রহমান।এছাড়া ওই মামলায় আরো চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। ওই আসামিরা হলেন- মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী।
মামলার নথি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ অগাস্ট বেলা সাড়ে ১১টার সময় কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় এলাকায় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালানো হয়।সেদিনের কর্মসূচিতে হামলা, ককটেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালী থানায় হওয়া এই মামলার এজাহারে নয় নম্বর আসামি নদভী।
এর আগে ১৭ ফেব্রুয়ারি নগরীর সদরঘাট থানার একটি মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতন হয়। এরপর দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গত ১৫ ডিসেম্বর সাবেক সাংসদ নদভী গ্রেপ্তার হন।
ডিএস../

























