সারাদেশে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সীতাকুণ্ড প্রতিনিধিদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে সীতাকুণ্ড মডেল থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্র প্রতিনিধিরা বলেন, আমাদের বিক্ষোভ মিছিলটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও ধর্ষকদের বিরুদ্ধে। বাংলাদেশে এ কয়দিন ধরে যা ঘটনা ঘটছে তার বিরুদ্ধে। দেশে অনেক সন্ত্রাসী আছে অদৃশ্য কারণে প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। ধর্ষণ পরর্বতী খুনেরও শিকার হচ্ছে। প্রশাসন চুপ রয়েছে প্রশাসনের এই কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল। প্রশাসন তুমি কার? ধর্ষক না ধর্ষিতার? আমাদের বোনেরা রাতের বেলা বাহিরে বের হতে পারে না। বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে না। স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাইভেটে যেতে পারে না তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। হয় ধর্ষকদের বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের মত আইন করতে হবে। যদি এরকম আইন করতে না পারেন তাহলে আমাদের ছাত্র সমাজের কাছে ছেড়ে দেন আমরা ছাত্র সমাজ দেখে নিবো।
এসময় উপস্থিত ছিলেন, নাফিজ হাসান, আসাদুজ্জামান আসাদ, আব্দুল্লাহ আল ইমরান, মোঃ নয়ন, মোঃ ইমরান, ইয়াছিন তানিম, শাহিদা জান্নাত, নাজিবুর রহমান, জান্নাতুল তাইফাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
সমাবেশ শেষে তারা পৌরসদরস্থ বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
ডিএস//




















