পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
বুধবার (৫ মার্চ) বিকালে উপজেলার পৌরসদর বাজারে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ৩টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান ও চাউলের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে মোট ৩টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রিয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারীর পাশাপাশি মজুদদারীর বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগীতায় ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
ডিএস//




















