চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৮ টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার মুন্সি মাইনুদ্দিন জামে মসজিদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বান্দরবান জেলার লামা থানার পূর্ব শিলাপাড়া গ্রামের মোঃ বজল আলীর ছেলে। সে প্রাণ কোম্পানীর বিক্রয়কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকার কাঁচা বাজারের পশ্চিম পাশে এবং মসজিদের সামনে ঢাকামূখী লেনে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, ঢাকামূখী একটি কাভার্ডভ্যান একইমুখী একটি বাইসাইকেল আরোহীকে চাপা দলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নিয়মিত মামলা দায়ের করা হবে।
ডিএস..




















