চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৭টার সময় উপজেলার ছোট দারোগারহাটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনসহ তিনজন এক সাথে উপজেলার ছোট দারোগার হাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে আবুল হোসেনসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস./




















