বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে ১১ জন নারী পুরুষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া- আগরতলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। তারা প্রত্যেকে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার হয়ে সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন । পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংগর ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়।প্রত্যেকে তারা বিভিন্ন মেয়াদে ভারতে জেল খেটে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আগরতলা থেকে আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন।
আখাউড়া- আগরতলা স্থলবন্দরে তাদের ভারত থেকে গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার এসিস্টেন্ট ওমর শরীফ ল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মোঃ মুখলেছুর রহমান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মোঃ শিহাবুল হোসেন সহ প্রমুখ। বাংলাদেশে প্রত্যাবর্তনকৃতরা হলেন- কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মোঃ ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মোঃ আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মোঃ আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান ও মোঃ রুহুল আমিন।
তারা প্রত্যেকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তখন আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা আপনজনদের একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন।তারা প্রত্যেকে তাদের নিজেদের কষ্টের কথা শেয়ার করেন। এবং নিজ জন্মভূমিতে ফেরত আসতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে সন্তুষ্টি প্রকাশ করেন।
ডিএস./




















