‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে ময়মনসিংহ সদর উপজেলায় ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বাড়াতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জেল প্রশাসনের সার্বিক নির্দেশনায় ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংষ্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ভূমি আমাদের সকলের জীবনের একেবারেই অপরিহার্য। এটাকে কোনভাবেই অবহেলা করা বা অবজ্ঞা করার সুযোগ নেই।
কিন্তু এখানে অপরাধ করার সুযোগ থাকে, যদি এই বিষয়ে আমাদের জ্ঞানের সল্পতা থাকে। তখন সেটা অন্যায়, দুর্নীতি এবং সেখানে কিছু দালালেরা উৎপাত করে। যখন আমরা ভূমি সেবা সম্পর্কে বিস্তর জানা থাকবে, তখন আর সেই অন্যায়, দুর্নীতি ও দালালদের কবলে আমাদেরকে আর পরতে হবে না। আমরা নিজেরাই সহজেই ভূমি সেবা নিতে পারবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সদর সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ (বিভাগ) আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক আইয়ুব আলী, শহীদ সাগরের পিতা মোঃ আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের পিতা জামিল হোসেনসহ প্রমুখ। সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান প্রিন্স বলেন, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারে, সে বিষয়ে সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।
এরআগে ভূমি মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের বই পুরষ্কৃত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। সদর সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘ভূমি সংক্রান্ত সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগেই এই জনসচেতনতামূলক সভার আয়োজন। ভূমি মেলা শুধু সেবা নয়, জনসচেতনতাও ছড়িয়ে দেবে।’এসময় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমসহ অন্যান্য ডিপার্টমেন্ট প্রধান এবং শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./





















