ঝিনাইদহে জীবন (২৩) নামের এক সেনেটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ব্যাপারীপাড়া বিল্লাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে। নিহত জীবন ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর পশ্চিমপাড়ার রজব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা দুই বন্ধু কথাকাটাকাটির একপর্যায়ে জীবনের বন্ধু শিমুল ও তার বন্ধুরা মিলে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাা করে।
জীবনের বন্ধু তাহিদ জানান, মাদক সেবনে বাঁধা দেওয়ায় জীবনকে আমার সামনে চাকু মেরেছে। ঘটনার সময় আমি একটু দুরে দাঁড়িয়ে ছিলাম। জীবন শুধু আমাকে বললো বন্ধু আমাকে ধর। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত জীবনের বড় ভাই আশরাফুল ইসলাম মুক্ত বলেন, লোকমুখে জানতে পারি ব্যাপারীপাড়ার বাসিন্দা জিয়ার ছেলে শিমুল ও একই পাড়ার বাদলের ছেলে পিন্টুসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক ছিল। শুক্রবার বিকেলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে আমার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে। সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তাার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জীবন নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে বলা যাবে।
ডিএস./




















