জামালপুরের ইসলামপুরে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ মে) রাতে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ারের বাড়ী থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর সদর ইউনিয়নের কাচীহারা গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে সরকারি চাল কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় কাচীহারা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারের বাড়ী থেকে ৬শ ৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আনোয়ার হোসেন ও তার বাড়ীর সবাই। পরে ঘটনাস্থল থেকে শুক্রবার মধ্যরাতে ৬শ ৩ বস্তা সরকারি চাল জব্দ করে নিয়ে যায় প্রশাসন। তবে কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (কাচিহারা) মেম্বার মোজারুল মিয়া বলেন, গত দুইদিন ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করা হয়েছে। আমি আত্মীয়র বাড়ীতে, আনোয়ারের বাড়ী থেকে চাল জব্দ করা হয়েছে কিনা জানিনা।ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আনোয়ার হোসেনের বাড়ি থেকে সরকারি চাউল জব্দ করা হয়েছে। আনোয়ার হোসেনের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে মামলা দায়ের করা হবে।
ডিএস./




















