ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মারামারি শুরু হয়। রাতে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়। অগ্নিসংযোগ করা হয় একটি হারভেস্টার মেশিনে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয়। রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।
ডিএস./




















