জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিং এ জনবল নিয়োগকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতির হামলায় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: তারিকুল ইসলাম রনি ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম আহত হয়েছেন।
সোমবার দুপরে হাসপাতালের প্যাথলজি বিভাগের ডা: তারিকুল ইসলাম রনি’র কক্ষে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সূত্র ও আরএমও ডা: রনি জানান, অভিযুক্ত ডেন্টাল চিকিৎসক ডা: ইকরামুল হক তালুকদার ও তার স্ত্রী মেডিকেল অফিসার ডা: শারমিন আক্তার দায়িত্বরত আবাসিক চিকিৎসক ও ড্যাব নেতা ডা: তারিকুল ইসলাম রনির কক্ষে প্রবেশ করে হাসপাতালে আউটসোর্সিং এ তাদের মনোনীত লোককে নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
এ সময় ডা: রনি প্রশাসনিক নিয়ম মেনে নিয়োগের কথা জানালে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ডা: রনি তাদেরকে কক্ষ থেকে বেড়িয়ে যেতে বললে এতে তারা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় চিকিৎসা নিতে আসা সাংবাদিক মো: জাহাঙ্গীর সেলিম তাদেরকে নিবৃত করতে গেলে তাকেও মারধর করে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। এ বিষয়ে ডা: রনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্ত ডা: ইকরামুল হক তালুকদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর শাখার আহবায়ক ডা: আহাম্মদ আলী আকন্দ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি করেন। অন্যথায় আগামীকাল সকাল থেকে হাসপাতালের জরুরী বিভাগ ব্যতীত সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।
ডিএস./




















