পাবনা জেলা যুবদলের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদলের পদবঞ্চিত নেতারা। বুধবার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মহিষের ডিপো এলাকা থেকে কয়েক শত নেতাকর্মীর উপস্থিতিতে এ প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি অনন্ত-শহর সড়ক হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে শহরের শহিদ চত্ত্বরে এসে একটি বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়।
এ সময় ইলিয়াস আহমেদ হিমেল রানাকে আহ্বায়ক ও মনির আহমেদকে সদস্য সচিব করে নব গঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে প্রত্যাখান করে বক্তব্য দেন পদবঞ্চিত নেতারা। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিগত সময়ে আন্দোলন সংগ্রামে লড়াই করা ত্যাগী নেতাদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু এ কমিটিতে তা করা হয়নি। উল্টো এমন লোকদের নিয়ে ৫১ সদস্যের কমিটি করা হয়েছে যাদের অধিকাংশকেই চেনে না পাবনার বিএনপি নেতাকর্মীরা। কাউকে না জানিয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সুযোগসন্ধানী তোষামোদকারীদের নিয়ে এ কমিটি করা হয়েছে। কোনো ত্যাগী নেতাকর্মীকে এই কমিটিতে স্থান দেয়া হয়নি।
বক্তারা বলেন, কমিটির শীর্ষ পদে থাকা নামধারী নেতাদেরকেই ফ্যাসিস্ট হটানোর ১৭ বছরের আন্দোলনে মাঠে দেখা যায়নি। তাই তাদের নিয়ে এই পকেট কমিটি মেনে নেয়া হবে না। দ্রুত এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। এর আগ পর্যন্ত এই অবৈধ কমিটির নেতারা যেখানেই প্রোগ্রাম করবে সেখানেই তাদের প্রতিরোধ করা হবে বলেও জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সুজন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাবেক সহ প্রচার সম্পাদক বাহার হোসেন, যুগ্ম সম্পাদক বাপ্পি সদ্দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার ও জেলা প্রচারদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব সহ অনেকেই।
ডিএস./




















