বগুড়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হাতে নিজ বাড়ীতে শ্বশুর ও প্রবাসীর স্ত্রী পুত্রবধূ খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামে এ জোড়া হত্যাকান্ড ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীমন্ডপ গ্রামের মৃত পানা উল্লাহা প্রামাণিকের পুত্র অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) এবং তার বড় পুত্র সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী মোছাঃ রিভা খাতুন (২৮)। জোড়া হত্যাকান্ডের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার ভোর থেকে ওই বাড়িতে এবং আশ-পাশে শত শত মানুষ ভিড় করছে। স্বজন এবং পুলিশ হত্যাকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি।
স্বজনরা জানান, অবসপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় শাহজাহান বেশ কয়েক বছর আগে সৌদি আরব গেছেন। তার স্ত্রী রিভা এক ছেলে নীরব এবং কন্যা মালিহাকে নিয়ে শ্বশুড় বাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন।
প্রতিদিনকার মত আফতব হোসেন মঙ্গলবার রাতে বাড়িতে তার ঘরে এবং পুত্রবধূ তার ৫ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেন।
পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুড় আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। দু’জনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেন । বুধবার সকালে রিভার ঘরে দেখা গেছে, ওই ঘরের আসবাবপত্রগুলো তছনছ করা হয়েছে। স্বজনরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে হত্যাকান্ডের কোন কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি। তবে স্বজনদের কেউ কেউ বলছেন, আফতাব হোসেনের সঙ্গে জমি-জমা নিয়ে এলাকাবাসীর বিরোধ রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) আতোয়ার হোসেন বলেন, হত্যাকান্ডের পেছনে পূর্ব শত্রুতা বা কিংবা অন্য উদ্দেশ্যে সব দিক বিবেচনায় তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিএস./




















