‘নায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক গোলাম মো. আজম।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বক্তারা পছন্দের পরিবার গঠনে সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক সেবার দিক থেকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নওগাঁ সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে হাঁপানিয়া ইউনিয়নকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ডিএস./




















