২০২১ সালে চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে তার স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম। দণ্ডিতরা হলেন,রিমা আক্তার, শাহাদাত হোসেন কাইয়ুম ও আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল জানান, স্বামী জয়নাল আবেদীনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী রিমা আক্তারসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
অন্য দুই আসামির মধ্যে শাহাদাত হোসেন কাইয়ুমের সাথে রিমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। আর আবদুল কাইয়ুম হলো শাহদাত হোসেন কাইয়ুমের বন্ধু।মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকার জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে হত্যা করা হয়। জয়নাল চট্টগ্রাম নগরীর হালিশহরে ফলের ব্যবসা করতেন। শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুমের সহযোগিতায় স্ত্রী রিমা আক্তার স্বামী জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।
ডিএস./




















