মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘অপরাজনীতি’ শুরু করেছে এবং সুযোগ নেওয়ার চেস্টা করছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৫/১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুমম,খুনের সঙ্গে জড়িত ছিল তারা। এখন আবার নতুন করে অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই।
এ সময় তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পরদিনই সচিবালয়সহ মাইলস্টোন কলেজের সামনে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক শ্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। তিনি এসব কর্মকান্ডের নিন্দা জানান এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গঠনের আহ্বান জানান। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, এমন জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের কোনো যৌক্তিকতা নেই। তিনি দুর্ঘটনার পেছনের কারণ ও প্রশিক্ষণের যৌক্তিকতা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এসময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ- ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিএস./



















