চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী কমিটির সভায় গাজীপুরে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে।গত রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, যে নির্মম কায়দায় তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাতীত। এ ঘটনায় সারাদেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধরনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা।সভায় মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন ও গায়েবি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, এক শ্রেণির সুবিধাভোগী এসব মামলা দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে চায়। দেশে চলমান অস্থিরতা ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানানো হয়।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
ডিএস./
























