ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন জাপানের ১১০ সদস্য বিশিষ্ট একটি বিনিয়োগকারী দল। ব্রাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধি দলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী,বড় সরদার বাড়ী ও শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জাপানি প্রতিনিধি দলটিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে স্বাগত জানান, ফাউন্ডেশনের উপ পরিচালক একে আজাদ সরকার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক।
পরে তারা রেস্টোরেশনকৃত ঐতিহাসিক বড় সরদার বাড়ি ও শিল্পাচার্য জয়নুল জাদুঘর ঘুরে দেখেন। এ সময় পরির্শনকারীরা জাদুঘরে রক্ষিত বিভিন্ন লোক ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন দেখে ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সোনারগাঁয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা বড় সরদার বাড়ির স্থাপত্য রীতি দেখে অভিভূত হন। এর আগে এ প্রতিনিধি দলটি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। জাপানের এ বিনিয়োগকারী দলটি বাংলাদেশে অনুষ্ঠিত তিনদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে বাংলাদেশে এসেছেন।
ডিএস./















