বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামকে মানবপাচার মামলায় গ্রেফতারের পর আইনজীবীর জিম্মায় মুক্তি দিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে অসুস্থতার কারণে তাকে এক আইনজীবীর জিম্মায় মুক্তি দেয়া হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফখরুল ইসলাম বনানী থানায় মানবপাচারের অভিযোগের মামলার আসামি। গতকাল রাতে বিদেশ থেকে বিমানবন্দরে নামার পর বনানী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
ওসি রাসেল আরও জানান, গ্রেফতারের পর অসুস্থতার কারণে আগামী দুদিনের মধ্যে আদালত থেকে জামিন নেয়ার শর্তে ফখরুলকে একজন আইনজীবীর জিম্মায় দেয়া হয়েছে।
গত ৪ নভেম্বর ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে বনানী থানায় মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, প্রবাসে কর্মসংস্থানের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিদেশ পাঠানো হয়নি, বরং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। ব্যবসায়ী ফখরুল বহু মানুষকে প্রতারণার মাধ্যমে বিদশে পাঠিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দেননি। তার বিরুদ্ধে আগেও প্রতারণা ও মানবপাচার আইনে মামলা হয়েছে। সেগুলো থেকে আইনের ফাঁকফোকরে বেরিয়ে যান ফখরুল।
ডিএস./













