দেশের কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবে আগামী অর্থবছর থেকে বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের উৎসাহিত করতে বছরের প্রথম প্রান্তিকের মধ্যে রিটার্ন দাখিলকারীদের জন্য বিশেষ কর প্রণোদনার ব্যবস্থা রাখা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই ঘোষণা দেন।
বিভিন্ন অংশীজন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা কর সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। এখন থেকে করদাতাদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে না; তারা বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন। তবে যারা বছরের শুরুতেই অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য রেয়াত বা প্রণোদনার সুযোগ থাকবে।
রাজস্ব আহরণের চিত্র তুলে ধরে এনবিআর প্রধান জানান, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা বিগত যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনকভাবে অর্জিত হবে। তবে বিশাল অঙ্কের ‘কর অব্যাহতি’ বা ট্যাক্স এক্সজাম্পশন রাজস্ব আয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই কর অব্যাহতির হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে। করের হার না বাড়িয়ে বরং করের আওতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা এবং সৎ কর্মকর্তাদের উৎসাহিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিনের আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াব’ সংবাদপত্রের রুগ্ণ দশা ও বর্তমান সংকটের চিত্র তুলে ধরে বেশ কিছু দাবি পেশ করে। সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞাপন আয়ের ওপর বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর (এআইটি) হ্রাস করার দাবি জানানো হয়। এছাড়া সংবাদপত্র প্রকাশের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট আমদানির ওপর আরোপিত ১৫ শতাংশ কর সম্পূর্ণ প্রত্যাহারের জোর দাবি জানায় নোয়াব। তাদের মতে, তথ্যসেবা ও জনসচেতনতামূলক এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে করের বোঝা লাঘব করা জরুরি।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, কর প্রশাসনে স্বচ্ছতা আনতে ‘ট্যাক্স লিকেজ’ বা কর চুঁইয়ে পড়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কর সংক্রান্ত অটোমেশন বা ই-রিটার্ন ব্যবস্থাকে আরও জনবান্ধব করার কাজ চলছে। অংশীজনদের দেওয়া প্রস্তাবসমূহ যাচাই-বাছাই করে আগামী বাজেটে প্রতিফলিত করার আশ্বাস দেন তিনি।
ডিএস./

















